পঞ্চবাণী

হযরত শাহজালাল (রহ.)’র মাজার ইস্যু নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই সিলেটের ডিসি প্রত্যাহার

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে তার বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপ-সচিব পদে পদায়ন করা হয়েছে।২১ জুন রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেটে দায়িত্ব পালনকালে বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপের কারণে তিনি একাধিকবার আলোচনায় আসেন। সম্প্রতি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজারের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ, শাহজালাল (রহ.) মাজারের কয়েকটি ডেগ সিলগালা এবং নতুন দানবাক্স স্থাপনকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।এদিকে নগরির সচেতন মহল ও বিভিন্ন সামাজিক-ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা মনে করছেন, ঐতিহ্যবাহী দুই মাজারকে ঘিরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পরিপ্রেক্ষিতেই এ প্রশাসনিক পরিবর্তন এসেছে। তাদের মতে, হযরত শাহজালাল (রহ.)-এর মাজার দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক, ঐতিহাসিক ও ধর্মীয় কেন্দ্র। বিগত প্রায় সাড়ে ৭ শতাব্দী ধরে এ মাজারকে ঘিরে যে ঐতিহ্য ও ব্যবস্থাপনা গড়ে উঠেছে, তা নিয়ে সাম্প্রতিক সিদ্ধান্তগুলো জনমনে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়।"স্থানীয় জনসাধারণ ও বিভিন্ন মহলের দাবি, অতীতে কোনো রাষ্ট্রপ্রধান বা প্রশাসন হযরত শাহজালাল (রহ.) মাজারের দান-ব্যবস্থাপনা ও হিসাব-নিকাশ সংক্রান্ত বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করেনি। একইভাবে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী দানবাক্স অপসারণ করে নতুন দানবাক্স স্থাপনের নজিরও খুব একটা দেখা যায়নি। ফলে সাম্প্রতিক এ পদক্ষেপকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।এ বিষয়ে বিভিন্ন মহল তাদের উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেছে। কোন কোন মহল মনে করছেন মাজার বিদ্বেষী কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে হয়তো প্রশাসনের তরফে এ ধরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যা, জাতি-ধর্ম -বর্ণ নিবিশেষে সিলেট অঞ্চলের সাধারণ মানুষের মনে আঘাত করেছে।" ওলি-আল্লাহ বা মাজার ভক্তদের অনেকেই বলছেন, আমরা কোন সরকারকে বা কোন ব্যক্তিকে উদ্দেশ্য করে দান করি না। আমরা আল্লাহর ওয়াস্তে শাহজালাল (রহ.)-এর শানে দান-খয়রাত করে থাকি। তাই ব্যক্তিবিশেষ বা কোন মহলের এতে হস্তক্ষেপ কোনভাবেই গ্রহণযোগ্য নয়।এদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে মো. সারওয়ার আলমকে প্রত্যাহারের নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। ফলে তার বদলির প্রকৃত কারণ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চললেও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়া হয়নি।

হযরত শাহজালাল (রহ.)’র মাজার ইস্যু নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই সিলেটের ডিসি প্রত্যাহার