পঞ্চবাণী

আত্মহত্যা

কমলগঞ্জে পৃথক দুই স্থানে বিষপানে নারী-পুরুষের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পৃথক দুই স্থানে বিষপানে এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) উপজেলার নুরজাহান চা বাগান ও যোগীবিল এলাকায় এ দুটি ঘটনা ঘটে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার ৮নং আদমপুর ইউনিয়নের নুরজাহান চা বাগান এলাকার বাসিন্দা জায়েদা বেগম (৬৫) রোববার দুপুর ২টার দিকে নিজ বসতঘরে অগোচরে বিষপান করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বিকেল ৩টার দিকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি মৃত জামাল হুসেনের স্ত্রী। পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং একাই বসবাস করতেন।অপরদিকে, উপজেলার ৬নং আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামের বাসিন্দা সোনা মিয়া (৬০) গত শনিবার (২৭ জুন) রাত ৯টার দিকে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর রোববার দুপুরে যোগীবিল গ্রামের আমির মিয়ার লেবু বাগানে কাজ করতে গিয়ে বাগানের মালিক তাকে মাটিতে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দুপুর ২টার দিকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে বিষপানে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন বলেন, পৃথক দুটি বিষপানে মৃত্যুর ঘটনায় পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কমলগঞ্জে পৃথক দুই স্থানে বিষপানে নারী-পুরুষের মৃত্যু