উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পঞ্চবাণী ডেস্ক ||
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।স্পিকারের দায়িত্বে থাকা ব্যারিস্টার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণের মধ্য দিয়ে সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের দায়িত্ব পালনের আনুষ্ঠানিক সূচনা হলো।শপথ অনুষ্ঠানে প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পান ৮৮ ভোট। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করে মির্জা ফখরুলকে বিজয়ী ঘোষণা করেন।নির্বাচনের পর রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ধারা ১১ এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর বিধি ১২(৬) অনুসারে নির্বাচনী কর্তা ও নির্বাচন কমিশনারের ঘোষণার ভিত্তিতেই এ প্রজ্ঞাপন জারি করা হয়।