উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্টাফ রিপোর্টার ||
মৌলভীবাজারের কুলাউড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালনের অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ভাতাইয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জান্নাতুল ফেরদৌস ভাতাইয়া এলাকার মৃত আব্দুল মছব্বির চৌধুরীর মেয়ে। তার বড় বোন ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে নিজের বাড়ির পাশের ভাতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় জাতীয় ও কালো পতাকা উত্তোলন করেন জান্নাতুল ফেরদৌস। পরে স্থানীয় শহীদ মিনারে শেখ মুজিবুর রহমানের ছবি রেখে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময়ের ছবি ও ভিডিও ধারণ করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন জান্নাতুল ফেরদৌস। পরে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হবে।