উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্টাফ রিপোর্টারঃ ||
পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টির কারণে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের ১১ জেলায় নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে স্বল্পস্থায়ী বন্যার আশঙ্কা করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ২০ জুলাই সোমবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে। এদিকে কুশিয়ারা নদীর পানি সিলেটের ফেঞ্চুগঞ্জ ও হবিগঞ্জের মার্কুলি স্টেশনে বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। অপরদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী দুদিন দেশের অভ্যন্তরে রংপুর ও সিলেট বিভাগে এবং উজানে ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ প্রদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে, যা আগামী ৩ দিন বাড়তে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় এসব নদীর পানি কিছুস্থানে বিপৎসীমার ওপর প্রবাহিত হতে পারে এবং লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও আকস্মিক অথবা স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, অপরদিকে কুশিয়ারা নদীর পানি সমতল স্থিতিশীল আছে; যা আগামী ৩ দিন বাড়তে পারে। আগামী ৪৮ ঘণ্টায় নদীর কিছুস্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে অথবা বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি সমতল স্থিতিশীল আছে। অপরদিকে যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী ৫ দিন বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। আজ থেকে পঞ্চম দিনে (২০ হতে ২৪ জুলাই) ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদী কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছুস্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও প্লাবিত হতে পারে। গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারী, গোয়াইন, যাদুকাটা ও কংস নদীর পানি সমতল স্থিতিশীল আছে। অপরদিকে সোমেশ্বরী ও ভুলাই নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। এসব নদীর পানি সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় নেত্রকোণা জেলার সোমেশ্বরী নদী কিছুস্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর এবং রাজশাহী বিভাগের আপার করতোয়া, আপার আত্রাই, টাঙ্গন, পুনর্ভবা, মহানন্দা ও যমুনেশ্বরী নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। অপরদিকে ঘাঘট, আত্রাই, করতোয়া ও ছোট যমুনা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী ৩ দিন এসব নদীর পানি সমতল বাড়তে পারে।