উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্টাফ রিপোর্টার ||
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে প্রবেশ করানোর (পুশ-ইন) একটি প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করেছে ৫৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। এ সময় স্থানীয় বাসিন্দা ও তেলিয়াপাড়া চা বাগানের শ্রমিকরা বিজিবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সহযোগিতা করেন।বিজিবি জানায়, শনিবার (২৭ জুন) ভোর প্রায় ৩টার দিকে ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলারসংলগ্ন তেলিয়াপাড়া বিওপি এলাকায় বিএসএফ রাতের অন্ধকারে অজ্ঞাতসংখ্যক ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালায়। অভিযোগ রয়েছে, ওই সময় সীমান্তের সিকিউরিটি লাইটও বন্ধ রাখা হয়েছিল।খবর পেয়ে বিজিবির টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জিরো লাইনে প্রতিরোধমূলক অবস্থান নেয়। একই সঙ্গে স্থানীয় গ্রামবাসী ও তেলিয়াপাড়া চা বাগানের শ্রমিকরাও সীমান্ত এলাকায় জড়ো হয়ে বিজিবিকে সহযোগিতা করেন। বিজিবির কঠোর অবস্থান এবং সাধারণ মানুষের ঐক্যবদ্ধ উপস্থিতির মুখে পুশ-ইনের প্রচেষ্টা ব্যর্থ হয়। পরে জিরো লাইনে অবস্থানরত ভারতীয় নাগরিকদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়।স্থানীয় ইউপি সদস্য আব্দুল মন্নান বলেন, সীমান্তে পুশ-ইনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এলাকার মানুষ ও চা বাগানের শ্রমিকরা বিজিবির পাশে এসে দাঁড়ান। দেশের সীমান্ত সুরক্ষার স্বার্থে তারা সব সময় বিজিবির সঙ্গে কাজ করতে প্রস্তুত।৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, তেলিয়াপাড়া সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা তাৎক্ষণিকভাবে প্রতিহত করা হয়েছে। তিনি স্থানীয় জনগণের সহযোগিতার প্রশংসা করে জানান, সীমান্তে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইনের চেষ্টা সফল হতে দেওয়া হবে না।বর্তমানে তেলিয়াপাড়া সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তজুড়ে বিজিবির সর্বোচ্চ সতর্কতা ও নজরদারি অব্যাহত রয়েছে।