উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্টাফ রিপোর্টার ||
ঐতিহ্যবাহী হবিগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের শতবর্ষ পূর্তি উৎসব উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। শত বছরের গৌরবময় পথচলাকে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের মিলনমেলায় পরিণত হয় পুরো ক্যাম্পাস।শনিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। রঙিন ব্যানার, ফেস্টুন ও আনন্দঘন অংশগ্রহণে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়।এর আগে জাতীয় সংসদের হুইপ আলহাজ জি কে গউছ অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং শতবর্ষ উপলক্ষে প্রকাশিত স্মারক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন। পরে স্কুল মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আফতাব উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব সৈয়দ মুশফিক আহমেদের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সী, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসিত চন্দ্র বনিক এবং অ্যাডভোকেট আব্দুল হান্নান চৌধুরী।আলোচনা সভায় বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা তাদের স্মৃতিময় দিনগুলোর কথা তুলে ধরেন। শতবর্ষের এই আয়োজন যেন পুরোনো ও নতুন প্রজন্মের মধ্যে এক সেতুবন্ধন তৈরি করে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ আলহাজ জি কে গউছ এমপি বলেন, “বর্তমান সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কেউ বেআইনি কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই সবাইকে অবৈধ কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে।”তিনি আরও বলেন, “দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষা প্রতিষ্ঠানে সুস্থ ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।”দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মুখরিত ছিল বিদ্যালয় প্রাঙ্গণ। সন্ধ্যার পর জেলা আধুনিক স্টেডিয়ামে দেশের খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা শতবর্ষ উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।শত বছরের ঐতিহ্য, শিক্ষা বিস্তার ও মানবসম্পদ গঠনে অবদানের স্মৃতি বুকে ধারণ করে নতুন শতাব্দীর যাত্রা শুরু করল হবিগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ।