উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ ||
সুনামগঞ্জের দিরাই উপজেলায় নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাক সড়কের পাশের গাছে ধাক্কা দিলে ইটভাটার এক ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার (৬ জুন) দুপুরে দিরাই-মদনপুর সড়কের পৌরসভার সুজানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আনোয়ার হোসেন (৩৮) ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা এলাকার রাজ্জাক মিয়ার ছেলে। তিনি দিরাই উপজেলার শরীফপুর গ্রামের কে.ভি অটোব্রিকস ইটভাটার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি ইটভাটার মালিক মরহুম রেজু মিয়ার ভগ্নিপতি ছিলেন বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে আনোয়ার হোসেন ট্রাকচালক খালেক মিয়াকে সঙ্গে নিয়ে কে.ভি অটোব্রিকস থেকে ইট বোঝাই ট্রাক নিয়ে দিরাই সদরে যান। ইট খালাস শেষে ফেরার পথে সুজানগর এলাকায় পৌঁছালে দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।দুর্ঘটনার আঘাতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং আনোয়ার হোসেন গাড়ির ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. প্রশান্ত তালুকদার বলেন, হাসপাতালে পৌছার আগেই আনোয়ার হোসেনের মৃত্যু হয়েছিল।ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেন, সুজানগর এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে একজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।