উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শাহিন আহমদ, বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধিঃ ||
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনসাধারণের নিরাপদ ঈদ উদযাপন নিশ্চিত করতে সিলেটের বিয়ানীবাজারে বিশেষ মবিলাইজেশন মহড়া পরিচালনা করেছে পুলিশ।রোববার (২৪ মে) দিনব্যাপী বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমপূর্ণ এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়।সিলেট জেলা পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো. যাবের সাদেক এর দিকনির্দেশনায় বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওমর ফারুকের নেতৃত্বে আয়োজিত এই বিশেষ মহড়ায় জেলা পুলিশ, থানা পুলিশের বিভিন্ন ইউনিট, টহল দল ও বিশেষ ফোর্সের সদস্যরা অংশগ্রহণ করেন। থানা প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মহড়াটি উপজেলার প্রধান প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং ব্যস্ত বাণিজ্যিক এলাকাগুলো প্রদক্ষিণ করে।মহড়াকালে পুলিশ সদস্যরা আধুনিক কৌশলে টহল কার্যক্রম পরিচালনা, যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং অপরাধ দমনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের সক্ষমতা প্রদর্শন করেন। এছাড়া কোরবানির পশুর হাটের নিরাপত্তা নিশ্চিত করা, চুরি-ছিনতাই ও ডাকাতি প্রতিরোধ এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করতে সংশ্লিষ্ট সদস্যদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়।বিয়ানীবাজার থানার ওসি মোঃ ওমর ফারুক বলেন, “ঈদকে সামনে রেখে অপরাধী ও মাদক ব্যবসায়ীদের দমনে পুলিশ সার্বক্ষণিক মাঠে কাজ করছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করা হবে। জনগণের নিরাপত্তাই আমাদের প্রধান লক্ষ্য। কোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনা চোখে পড়লে দ্রুত থানায় যোগাযোগ করার জন্য আমরা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।”এদিকে পুলিশের এমন সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও সাধারণ জনগণ। তাদের মতে, পুলিশের নিয়মিত মবিলাইজেশন মহড়া ও নজরদারি বৃদ্ধির ফলে অপরাধ প্রবণতা কমবে এবং সাধারণ মানুষের মাঝে নিরাপত্তাবোধ আরও জোরদার হবে।বিয়ানীবাজার থানা পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে আইন মেনে চলার পাশাপাশি যেকোনো গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানানো হয়েছে।