উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পঞ্চবানী ডেস্ক, স্টাফ রিপোর্টার ||
শিরোপার আশা আগেই গুঁড়িয়ে যাওয়ার পর, রাহবার-মঈনদের সামনে সুযোগ ছিল শেষটা অন্তত ভালো করার। সেটাও হলো না। নেপালের বিপক্ষে হেরে ছেলেদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ শেষ করল বাংলাদেশ।থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে শনিবার রাউন্ড রবিন লিগে নিজেদের ষষ্ঠ ও শেষ ম্যাচে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ।দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে আসর শেষ করল সাঈদ খোদারাহমির দল। বর্তমানে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে আছে বাংলাদেশ। তবে সব দলের খেলা শেষ হলে অবস্থান নেমে যেতে পারে আরও।ভারতের বিপক্ষে ৪-৪ ড্র করে আসর শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে হারে ৬-১ গোলে। পরের দুই ম্যাচে যথাক্রমে ভুটানকে ৪-১ এবং শ্রীলঙ্কাকে ৫-১ ব্যবধানে হারায় বাংলাদেশ। আগের রাউন্ডে পাকিস্তানের বিপক্ষে ৫-১ গোলের হারে শিরোপা দৌড় থেকে ছিটকে যায় তারা।শেষ ভালোর আশা নিয়ে খেলতে নামা বাংলাদেশ পারেনি তেমন লড়াইও করতে। লাপকা তামাংয়ের জোরাল কোনাকুনি শটে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে নেপাল।দ্বিতীয়ার্ধেও বাংলাদেশকে চাপে রাখে নেপাল। এ অর্ধের নবম মিনিটে সরোজ তামাংয়ের প্লেসিং শটে ব্যবধান হয় দ্বিগুণ।নির্ধারিত সময়ের সাত মিনিট বাকি থাকতে বাংলাদেশকে ম্যাচে ফেরান রাহবার ওয়াহেদ খান। স্লাইড করে গোলকিপার বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে সুযোগ কাজে লাগান রাহবার। কিন্তু এরপর আরও দুই গোল করে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা শেষ করে দেয় নেপাল।